আওয়ার টাইমস নিউজ
জাতীয় ডেস্ক: রাতের অন্ধকারে কিংবা ভোররাতে নির্জন জায়গায় কোনো একটি-দুটি গাড়িতে আগুন লাগালেই দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানান, দেশের দু-একটি বিচ্ছিন্ন ও প্রতীকী ঘটনাকে বড় করে দেখিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ভয়াবহ’ দাবি করা একেবারেই অযৌক্তিক।
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের আইনশৃঙ্খলা সংক্রান্ত বক্তব্যের কড়া জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
সংসদে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে অথবা কোনো ভবনের ছাদের ওপর ককটেল বিস্ফোরণ কিংবা চালক-হেলপারহীন পরিত্যক্ত বাস বা একটি-দুটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা দিয়ে দেশের পরিবেশ নষ্ট করা যাবে না। এগুলো বিচ্ছিন্ন কিছু প্রতীকী অপচেষ্টা মাত্র।
তবে দেশের শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করতে পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের গভীর ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি সতর্ক বার্তা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, দেশের ভেতরে আত্মগোপনে থাকা চক্রান্তকারীরা সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে এবং এদের পেছনে সীমান্তের ওপার থেকেও ইন্ধন জোগানো হচ্ছে। দেশের অভ্যন্তরে কারা এদের সাথে জড়িত এবং সাহায্য করছে—গোয়েন্দা সংস্থার মাধ্যমে তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
সংসদ ও দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “দেশের ভেতরে কিংবা দেশের বাইরে বসে যে কোনো নীলকশনাই আঁকা হোক না কেন, কোনো ষড়যন্ত্রই এ মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ও আইন প্রয়োগকারী সংস্থা সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।”

