আওয়ার টাইমস নিউজ।
আইন-আদালত ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর দ্বৈত হত্যা মামলায় একমাত্র আসামি ভণ্ড কবিরাজ মো. মোবারক হোসেনকে (২৯) মৃত্যুদণ্ড (ফাঁসির রায়) দিয়েছেন আদালত। ফাঁসির পাশাপাশি তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মোবারক হোসেন কবিরাজি ও ঝাড়ফুঁকের আড়ালে এক মসজিদে খাদেমের কাজ করতেন।
মামলার বিবরণ ও তদন্তে উঠে আসে, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার বাসায় ঝাড়ফুঁকের সুযোগে যাতায়াত করা মোবারক সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতন চালান। বিষয়টি সুমাইয়ার মা তাহমিনা বেগম দেখে ফেললে প্রথমে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং পরে সুমাইয়াকেও নৃশংসভাবে হত্যা করে ল্যাপটপ-মোবাইল চুরি করে পালিয়ে যান মোবারক। পরবর্তীতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্তকারী কর্মকর্তা ২০২৬ সালের ১৪ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মাত্র ৩ মাস ১৫ দিনের রেকর্ড বিচারিক কার্যক্রম শেষে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে আদালত আজ এই চূড়ান্ত রায় দেন। সুমাইয়াকে হত্যার দায়ে ২ লাখ এবং মাকে হত্যার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। চাঞ্চল্যকর এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতদের পরিবার, কুবি শিক্ষার্থী ও রাষ্ট্রপক্ষ।

