আওয়ার টাইমস নিউজ।
লাইফস্টাইল ও স্বাস্থ্য: গর্ভাবস্থায় হবু মায়ের খাদ্যাভ্যাস ও মানসিক অবস্থার প্রভাব সরাসরি গিয়ে পড়ে অনাগত সন্তানের ওপর। গর্ভাবস্থায় মায়ের শরীরে পুষ্টির সামান্য ঘাটতিও শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, গর্ভকালীন মায়ের শরীরে ভিটামিন সি-এর ঘাটতি থাকলে তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে পারে জন্ম নেওয়া শিশুর আচরণ ও মেজাজের ওপর।
খ্যাতিসম্পন্ন ‘ডেভেলপমেন্টাল সাইকোলজি’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় তিন শতাধিক অন্তঃসত্ত্বা নারীর তথ্য বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞরা। গবেষণায় গর্ভাবস্থায় নারীদের খাদ্যাভ্যাস, ভিটামিন সি গ্রহণের মাত্রা এবং তাদের মানসিক চাপ, উদ্বেগ ও অবসাদের নানা দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
পরবর্তীতে ওই শিশুদের বয়স ছয় মাস পূর্ণ হলে তাদের আচরণ ও স্বভাবের ওপর বিশেষ সমীক্ষা চালানো হয়। গবেষণার ফলাফলে দেখা গেছে, যেসব মা গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি গ্রহণ করেননি, তাদের সন্তানদের মধ্যে খিটখিটে মেজাজ, অস্থিরতা এবং সামান্য কারণে কান্নাকাটির প্রবণতা বা নেতিবাচক আবেগ প্রকাশের হার অনেক বেশি।
বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগের কারণে অনেক সময় খাদ্যে থাকা পুষ্টি উপাদানের কার্যকারিতা ব্যাহত হয়। এর ফলে শরীরে ভিটামিন ও খনিজের ঘাটতি দেখা দেয়, যা সরাসরি গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশ এবং ভবিষ্যতে আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতার সঙ্গে গভীরভাবে যুক্ত।
ভিটামিন সি-এর মধ্যে থাকা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান মূলত গর্ভকালীন মানসিক চাপের ক্ষতিকর প্রভাব থেকে মাকে রক্ষা করতে সাহায্য করে। তবে গবেষকরা জানিয়েছেন, এই গবেষণাটি ভিটামিন সি-এর ঘাটতি ও শিশুর খিটখিটে আচরণের মধ্যকার সংযোগের ইঙ্গিত দিলেও সরাসরি একমাত্র কারণ হিসেবে তা নিশ্চিত করে না। তাই গর্ভকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে অতিরিক্ত কোনো ভিটামিন বা সম্পূরক ওষুধ সেবন করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

