আওয়ার টাইমস নিউজ।
দেশজুড়ে ও অপরাধ: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা এবং পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এসপি জাহাঙ্গীর আলম। এমনকি ওই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তিনি পুলিশের অতি গোপনীয় ও স্পর্শকাতর তথ্য সরবরাহ করছিলেন বলে অভিযোগ ওঠে।
অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত মঙ্গলবার (১০ নভেম্বর) এসপি জাহাঙ্গীরকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। সেদিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শনিবার রাত সাড়ে ১০টার দিকে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে মামলা করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে বর্তমানে পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেওয়া ২৮তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামের নেতৃত্বে ইতোমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে বলে জানানো হয়েছে।

