আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ডেস্ক: বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো স্থান লাভ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ‘রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ কর্তৃক প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’ শীর্ষক প্রকাশনার ১৮তম সংস্করণে (২০২৭) তাকে এই মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সম্মানজনক স্থানে ভূষিত করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তার গতিশীল ভূমিকা এবং নীতিনির্ধারণী কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ তাকে এবারের তালিকায় রাখা হয়েছে।
এদিকে, এবারের ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশ থেকে আরও দুই বিশিষ্ট নারী ব্যক্তিত্ব স্থান পেয়েছেন। তারা হলেন—মানবাধিকারকর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন এবং রোহিঙ্গা শরণার্থী ও মানবাধিকার নিয়ে কাজ করা খ্যাতনামা আইনজীবী রাজিয়া সুলতানা। এর মধ্যে ড. হামিদা হোসেন নারীর অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ অবদানের জন্য এবং আইনজীবী রাজিয়া সুলতানা সামাজিক বিষয়াবলি বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।
এর আগে ২০২৬ সালের সংস্করণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম অবস্থানে থাকলেও, ২০২৭ সালের এবারের সংস্করণে প্রকাশিত ৪৫০ জনের তালিকায় দেশের তিনজন বিশিষ্ট নাগরিক মর্যাদার সঙ্গে স্থান পেলেন।
উল্লেখ্য, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের ওপর ভিত্তি করে প্রতিবছর এই বৈশ্বিক তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে শীর্ষ ৫০ জনকে ক্রমানুসারে এবং বাকি ৪৫০ জনকে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা ও সংস্কৃতিসহ মোট ১৩টি ভিন্ন বিভাগে স্থান দেওয়া হয়ে থাকে।

