আওয়ার টাইমস নিউজ।
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: কম্পিউটার স্ক্রিনের লেখা বা ছবি তৈরির গণ্ডি পেরিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) এবার প্রবেশ করেছে জীববিজ্ঞানের গভীরতম স্তরে। কোডের জগত থেকে সরাসরি জীবনের মূল উপাদান ডিএনএর নকশা তৈরি করে এক অভাবনীয় ও একইসঙ্গে চাঞ্চল্যকর বিপ্লব ঘটিয়েছেন বিজ্ঞানীরা। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় এআই মডেল ব্যবহার করে ল্যাবরেটরিতে সম্পূর্ণ নতুন এবং কার্যকর ভাইরাল জিনোম তৈরির তথ্য সামনে এসেছে।
বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স’-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা ‘ইভো’ (Evo) নামক একটি জেনারেটিভ এআই মডেলকে লাখ লাখ জিনোমের বিশাল ডিএনএ তথ্য দিয়ে প্রশিক্ষণ দিয়েছিলেন। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেভাবে ভাষার ব্যাকরণ শেখে, ঠিক তেমনি এই মডেলটি প্রকৃতিতে ডিএনএ বিন্যাসের বিবর্তনীয় নিয়মগুলো আয়ত্ত করে এবং সম্পূর্ণ নতুন ভাইরাসের জিনোম সংকেত তৈরি করতে সক্ষম হয়।
ল্যাবরেটরিতে এআইয়ের ডিজাইন করা ডিএনএ কৃত্রিমভাবে তৈরি করে দেখা গেছে, এর মধ্যে ১৬টি কৃত্রিম ফাজ বা ব্যাকটেরিওফাজ সফলভাবে ‘ই. কোলাই’ (E. coli) ব্যাকটেরিয়াকে সংক্রমিত করতে পেরেছে এবং কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়ার নিজস্ব প্রাকৃতিক প্রতিরোধব্যবস্থাকেও পরাস্ত করেছে। তবে গবেষক দল তাদের ট্রেনিং মডেলে মানুষের দেহে রোগ ছড়ায় এমন কোনো প্যাথোজেনের তথ্য যুক্ত করেননি; ফলে তৈরি হওয়া নতুন ভাইরাসগুলো মানুষকে সংক্রমিত করতে পারে না।
বিজ্ঞানের এই অভূতপূর্ব সাফল্য চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করলেও, মানুষের জন্য এর ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। জনস হপকিনস সেন্টার ফর হেলথ সিকিউরিটির বায়োসিকিউরিটি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, স্ট্যানফোর্ডের এই গবেষণা প্রমাণ করে যে এআই প্রযুক্তি অপব্যবহারের শিকার হলে অত্যন্ত বিপজ্জনক ও বিষাক্ত জৈব অস্ত্র (Bioweapon) তৈরিতে সক্ষম হতে পারে। সঠিক নিয়মনীতি ও সুরক্ষাব্যবস্থা না থাকলে ক্ষতিকারক গোষ্ঠী এর অপব্যবহার করে মানবজাতির জন্য নতুন জৈব হুমকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অবশ্য এর ইতিবাচক দিকও তুলে ধরেছেন বিজ্ঞানীরা। অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী মারাত্মক ‘সুপারবাগ’ ধ্বংস করতে ভবিষ্যতে বিজ্ঞানীরা প্রকৃতিতে ভাইরাস খোঁজার বদলে নিজেদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট ব্যাকটেরিয়ার জন্য কাস্টম-মেড থেরাপি বা ভাইরাস ডিজাইন করতে পারবেন। বর্তমানে এআই প্রযুক্তির এই ঝুঁকি নিয়ন্ত্রণ এবং সঠিক ব্যবহারের মানদণ্ড তৈরিতে আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু হয়েছে।
সূত্র: ফোর্বস

