আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ও প্রযুক্তি ডেস্ক: দীর্ঘ এক দশকের অপেক্ষা আর কল্পনার জাল ছিন্ন করে অবশেষে বাস্তবে সাধারণ মানুষের হাতের নাগালে আসছে উড়ন্ত গাড়ি! চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চূড়ান্ত সবুজ সংকেত ও সীমিত ব্যবহারের অনুমোদন পাওয়ার পর এবার বাণিজ্যিকভাবে বাজারে বিক্রির জন্য উঠতে যাচ্ছে অত্যাধুনিক এই উড়ন্ত যান। চীনের উড়ন্ত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘এক্সপেং’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেলি ঝাও পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত এক প্রযুক্তি সম্মেলনে এই যুগান্তকারী ও চূড়ান্ত তথ্য নিশ্চিত করেছেন।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরের দ্বিতীয়ার্ধেই (গ্রীষ্মকাল থেকে) চীনের সাধারণ ক্রেতারা এই উড়ন্ত গাড়ি কিনে আকাশে ভ্রমণ শুরু করতে পারবেন। দুই আসনের চালকবিহীন বা অটোপাইলট সুবিধাসম্পন্ন এই গাড়িটির বাজারমূল্য ধরা হয়েছে ৩ লাখ মার্কিন ডলার। ইতিমধ্যে প্রায় ৭ হাজারেরও বেশি ক্রেতা এটি কেনার জন্য আগাম বুকিং দিয়ে রেখেছেন।
মজার বিষয় হলো, এই উড়ন্ত গাড়িটি এককভাবে বিক্রি হবে না; এর দামের সঙ্গেই ক্রেতারা পাবেন একটি বিশেষ ৬ চাকার বড় ভ্যান। গাড়িটি ওই ভ্যানের ভেতরে ভাঁজ করা অবস্থায় থাকবে এবং প্রয়োজনের সময় হলিউডের জনপ্রিয় ‘ট্রান্সফরমার্স’ সিনেমার রোবটের মতো নিজে থেকেই ভাঁজ খুলে বের হয়ে আকাশে উড়াল দেবে!
ড্রোনের মতো ছয়টি শক্তিশালী ব্যাটারিচালিত পাখার সাহায্যে এটি মাটি থেকে প্রায় ১ কিলোমিটার পর্যন্ত উঁচুতে এবং একবারে প্রায় ৩০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত উড়তে সক্ষম। এর ককপিটটি আকারে প্রায় একটি ফিয়াট ৫০০ গাড়ির সমান, যা একটি সাধারণ জয়স্টিক দিয়েই নিয়ন্ত্রণ করা যায়। নির্মাতা ঝাওয়ের দাবি, অটোপাইলট সুবিধা থাকায় এটি স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট গন্তব্যে উড়ে যেতে পারে এবং যে কেউ মাত্র ৫ মিনিটের প্রশিক্ষণে এটি চালানো শিখতে পারবেন।
প্রাথমিক পর্যায়ে চীনের অনুমোদিত পার্ক, গ্রামীণ এলাকার অ্যাডভেঞ্চারপ্রেমী ক্রেতা এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর জন্য এটি উন্মুক্ত করা হচ্ছে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান ও চীনা গণমাধ্যম

