আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে একক আধিপত্য ও জাদুকরী পারফরম্যান্স দেখিয়ে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ লাল-সবুজ দল। পুরো ম্যাচ জুড়ে টমাস ডুলির শিষ্যদের সামনে একদমই দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কান ফুটবলাররা। বড় এই জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।
ম্যাচের অষ্টম মিনিটে শমিত সোমের গোলে প্রথম লিড পায় বাংলাদেশ। প্রথমার্ধেই দলের ব্যবধান দ্বিগুণ করেন প্রবাসী তারকা হামজা চৌধুরী। বিরতির পর ম্যাচের ৫৩তম মিনিটে একক নৈপুণ্যে তিন ডিফেন্ডারকে কাটিয়ে চোখধাঁধানো এক গোল উপহার দেন ফারহান আলী। ম্যাচের শেষলগ্নে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে পেছনে ফেলে লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরার মাথার ওপর দিয়ে চিপ করে চতুর্থ গোলটি পান মাঠজুড়ে দুর্দান্ত খেলা রাকিব।
এই জয়ে গ্রুপ ‘এ’ এর চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ এবং রানার্সআপ হয়ে শেষ চারে গেছে ভুটান। আগামী ১৪ নভেম্বর রাত ৮টায় প্রথম সেমিফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের বাংলাদেশ।

