আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ডেস্ক: দেশের শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এই হাসপাতালগুলো নির্মিত হবে, যেখানে শুধু শ্রমিকদের চিকিৎসা প্রদান করা হবে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের স্বাস্থ্যসেবার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি বিগত স্বৈরাচারী সরকারের কঠোর সমালোচনা করে তিনি জানান, অতীতে দেশের জ্বালানি ও চিকিৎসাব্যবস্থাকে পরিকল্পিতভাবে আমদানিনির্ভর ও ধ্বংস করা হয়েছিল, যাতে সাধারণ মানুষ বিদেশে চিকিৎসা নিতে বাধ্য হয়। বর্তমান সরকার সব পেশাজীবীর অধিকার ও সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
এদিকে শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর এমন ঐতিহাসিক ঘোষণাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে খুশীর হৈচৈ শুরু হয়েছে। এখন দেখার বিষয় কতদিনে তা বাস্তবায়ন হবে।

