আওয়ার টাইমস নিউজ।
প্রবাসের খবরঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে দেশটির সাথে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী আইজিপির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এই কথা জানান।
সাক্ষাতকালে উভয় দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গভীরতা এবং পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠকের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে আইজিপি এবং ইউএই রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর সামগ্রিক নিরাপত্তা ও কল্যাণের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে উভয় দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আইজিপি জোর দিয়ে বলেন যে, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের বৈধ অধিকার রক্ষা করা বাংলাদেশ পুলিশের অন্যতম অগ্রাধিকার। এই লক্ষ্যে আমিরাতের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে তথ্য আদান-প্রদান এবং যৌথ অভিযানের মাধ্যমে অপরাধীদের দমনে একযোগে কাজ করবে বাংলাদেশ পুলিশ।
এছাড়াও, বৈঠকে মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার ক্রাইম এবং ডিজিটাল ফরেনসিক তদন্তের মতো উদীয়মান অপরাধগুলোর মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক স্মার্ট পুলিশিং এবং উন্নত প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে উভয় দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়। রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী বাংলাদেশের পুলিশের দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং প্রবাসীদের নিরাপত্তা ও আন্তঃদেশীয় অপরাধ দমনে বাংলাদেশের সাথে সহযোগিতা আরও সম্প্রসারিত করার আশ্বাস দেন।
বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা করা হচ্ছে। উভয় পক্ষই নিয়মিত যোগাযোগ এবং দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে।
সূত্র: বাসস।

