আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরে ১৮টি যানবাহন ও ৫টি ট্রাকের এক নজিরবিহীন ও ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে এই প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার মধ্যরাতের কিছু আগে ফুজাইরাহ আমিরাতের প্রবেশমুখে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি অপর একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় ট্রাক দুটি সড়ক থেকে ছিটকে গিয়ে যানজটে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পরপরই একটি ট্রাকে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে সেই লেলিহান শিখা আশপাশের গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পরপরই জরুরি সেবা ও বিশেষায়িত উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আহত ৩০ জনের মধ্যে ১৫ জন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং বাকি ১৫ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত ১৪ জনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের পাশাপাশি কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। আগুনে পুড়ে যাওয়ায় নিহতদের সঠিক পরিচয় নিশ্চিত করতে বর্তমানে ডিএনএ পরীক্ষা চালানো হচ্ছে। এছাড়া আহতদের তালিকায় আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিকরা রয়েছেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র: আল জাজিরা।

