আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের জন্য আনুষ্ঠানিক হজ চুক্তি অত্যন্ত সফলভাবে স্বাক্ষরিত হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি সরকার তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার হজ কোটা বৃদ্ধি করেছে, যার ফলে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় এই ঐতিহাসিক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন।
চুক্তি সম্পাদন শেষে ধর্মমন্ত্রী জানান, মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সৌদি মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, অন্য কোনো দেশ কোটা ব্যবহার করতে না পারলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে তা দেওয়া হবে। এমনকি সৌদি হজ মন্ত্রী স্পষ্ট প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘তোমাদের জন্য যা করার দরকার আমরা করব।
সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের দূরদর্শী নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও কূটনীতিকগণ উপস্থিত ছিলেন। গত বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করেছিলেন।
সূত্রঃ বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

