আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে সংগীতাঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী জনপ্রিয় ব্রিটিশ র্যাপার সেন্ট্রাল সি (Central Cee) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার এই আকস্মিক ও ঐতিহাসিক ঘোষণায় বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্ত ও অনুসারীদের মাঝে অভূতপূর্ব আলোচনার সৃষ্টি হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জনপ্রিয় এই হিটমেকার লাইভ স্ট্রিমিং চলাকালীন সময়ে ভক্তদের উদ্দেশ্যে জানান যে তিনি পবিত্র ইসলাম ধর্মের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে কালিমা পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেছেন। যুক্তরাজ্য তথা বিশ্ব সংগীত ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষস্থানীয় ড্রিল মিউজিক আর্টিস্ট হিসেবে পরিচিত সেন্ট্রাল সি’র আসল নাম ওকলি নীল সিজার-সু (Oakley Neil Caesar-Su)। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছেন বলেও নিশ্চিত করেছেন।
তার ঘনিষ্ঠ সূত্রে প্রকাশ, ইসলামিক জীবনদর্শন, শান্তি এবং পবিত্র কুরআনের সুমহান আদর্শ ও বাণী তাকে মানসিকভাবে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। হিপ-হপ ও র্যাপ মিউজিক ইন্ডাস্ট্রির শীর্ষ সারির একজন তারকার এমন আধ্যাত্মিক পথচলার সিদ্ধান্তকে মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক অঙ্গনের নেটিজেনরা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।
সংগীতের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনের এই বড় পরিবর্তন বিশ্বজুড়ে নতুন আলোচনার খোরাক জুগিয়েছে।
সূত্রঃ আন্তর্জাতিক গণমাধ্যম

