আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের সঙ্গে সম্পর্ক জোরদার করতে এবং লবিং চালাতে মাসে কোটি টাকারও বেশি ব্যয় করছে ভারত সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলোচিত পোস্টটিও মূলত ভারতের নিয়োগ করা এক মার্কিন লবিং প্রতিষ্ঠানের সুপরিকল্পিত আয়োজনের ফসল।
যুক্তরাষ্ট্রের ‘ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট’ (ফারা)-এর আওতায় জমা দেওয়া নথিপত্রের বরাত দিয়ে শনিবার (৭ নভেম্বর) একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
এতে জানা যায়, ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’ নামক লবিং প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেয় ভারত সরকার। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে এই প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার ডলার (প্রায় ৯৩ লাখ টাকা) পারিশ্রমিক দেওয়া হয়। এই প্রতিষ্ঠানের মূল দলে ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লানজা ও বিদায়ী চিফ অব স্টাফ সুসি ওয়াইলসের মতো প্রভাবশালী ব্যক্তিবর্গ যুক্ত রয়েছেন।
নথিতে আরও উল্লেখ করা হয়েছে, শুধু মার্কারি নয়, হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ তৈরি করতে ‘এসএইচডব্লিউ পার্টনার্স’ নামক আরেকটি প্রতিষ্ঠানে মাসে দেড় লাখ ডলার ঢেলেছিল ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস।
এই লবিং প্রতিষ্ঠানের প্রধান ছিলেন ট্রাম্পের অন্যতম সহযোগী জেসন মিলার। নথির তথ্য অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টসহ শীর্ষ মার্কিন নীতিনির্ধারকদের সঙ্গে ভারত সরকারের প্রতিনিধিদের একাধিক ফোনালাপ ও আলোচনার নেপথ্যে কাজ করেছে এসব লবিং প্রতিষ্ঠান।
যুক্তরাষ্ট্রে বিদেশি সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের বিবরণ প্রকাশের আইন থাকায় সম্প্রতি এই আন্তর্জাতিক লবিং ও বিপুল অর্থ ব্যয়ের তথ্য প্রকাশ্যে এসেছে।
সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও আন্তর্জাতিক নথিপত্র

