আওয়ার টাইমস নিউজ।
সারাদেশ ডেস্ক: কক্সবাজারের চকরিয়া পৌরসভায় কয়লার আগুন থেকে লাগা ভয়াবহ এক অগ্নিকাণ্ডে কোরআনের হাফেজ দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশাপাশি পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
গত রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়াঘোনা রেললাইনের পূর্ব পাশে মাওলানা ফজল কাদেরের বসতবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলো ১৬ বছর বয়সী আবদুল্লাহ এবং ১৩ বছর বয়সী ওমর ফারুক। দুজনেই পবিত্র কুরআনের হাফেজ ছিল।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রাতে ঘুমাতে যাওয়ার আগে ওই দুই ভাই স্টিলের টিফিন বক্সে কয়লার আগুন জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করার চেষ্টা করেছিল। কাজ শেষে আগুন পুরোপুরি নিভিয়ে না রেখেই তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। একপর্যায়ে কয়লার অবশিষ্টাংশ থেকে কাপড়ে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
আগুন ছড়িয়ে পড়লে তারা ঘরের ভেতরে আটকা পড়ে মারাত্মকভাবে দগ্ধ হয়। ঘটনাস্থলেই ছোট ভাই ওমর ফারুকের মৃত্যু হয়। অন্যদিকে, বড় ভাই হাফেজ আবদুল্লাহকে গুরুতর দগ্ধ অবস্থায় দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ নভেম্বর) রাতে আবদুল্লাহও না ফেরার দেশে চলে যায়।
এদিকে দুই কৃতি সন্তানের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছে পুরো পরিবার। ঘটনার পর পরই ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ও তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে চকরিয়া উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এ সময় সর্বস্ব হারানো পরিবারটির হাতে নগদ অর্থসহ জরুরি মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।

