আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং দলটির পলাতক নেতাকর্মীরা দেশে ফিরে আসার চেষ্টা করলে দেশের সাধারণ জনগণ তাদের কচুকাটা করবে বলে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টকশোতে আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়া বুদ্ধিজীবী ও আলোচকদের কঠোর সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমানে বিভিন্ন টকশোতে অনেকের বক্তব্যে দেখা যাচ্ছে তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন। তাদের ধারণা, আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে হয়তো তারা বড় কোনো পদ-পদবি পাবেন। কিন্তু বাস্তবতা হলো, আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করলে জনগণই তাদের কচুকাটা করবে। সাধারণ মানুষ আওয়ামী লীগকে আপনার চোখে দেখবে, এমন চিন্তা করা সম্পূর্ণ ভুল।
এদিকে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে একই অনুষ্ঠানে দ্বিতীয় দফায় সারা দেশের আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ ছাড়াও দলটির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

