আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ডেস্ক: দেশের শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও যুগোপযোগী করার লক্ষ্যে স্কুল-কলেজগুলোতে কারিগরি বা ভোকেশনাল শিক্ষা চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, এখন থেকে নবম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা গ্রহণ করতে হবে।
আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব গুরুত্বপূর্ণ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য এবং মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়ে বলেন, কেবল পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে পড়াশোনার পাশাপাশি কারিগরি দক্ষতা, খেলাধুলা, বিদেশি ভাষা শিক্ষা এবং পরিবেশ সচেতনতায় সমান গুরুত্ব দিতে হবে।
শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ নির্দেশনা ও পরিকল্পনা:
বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি স্কুল-কলেজে ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে এবং নবম শ্রেণি থেকে এটি বাধ্যতামূলক করা হবে, যাতে শিক্ষার্থীরা বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে পারে।
বহুভাষায় দক্ষতা অর্জন: মাতৃভাষা বাংলার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত আরও একটি বিদেশি ভাষা শিখতে হবে। এ লক্ষ্যে ইংরেজি, মান্দারিন (চীনা) ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার মধ্য থেকে নিজেদের পছন্দ অনুযায়ী ভাষা বেছে নেওয়ার সুযোগ রাখা হবে।
খেলাধুলা ও নতুন কুঁড়ি স্পোর্টস: পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলাকে সমান গুরুত্ব দিতে হবে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ছয়-সাতটি ইভেন্ট থাকবে, যেখানে শিক্ষার্থীরা নিজেদের পছন্দের খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে।
পরিবেশ ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীলতা: রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি বৃক্ষরোপণে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, আপনজনদের জন্মদিনে গাছ উপহার দিতে হবে। বেশি করে গাছ লাগালে পরিবেশ ভালো থাকবে এবং এর সুফল দেশের প্রতিটি মানুষ ভোগ করবে। মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে প্রকৃতি ও জীবজন্তুর প্রতিও যত্নশীল হওয়ার পরামর্শ দেন তিনি।
এদিন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের উদ্যোগে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৩ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের ৯ জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশনের কার্যক্রম প্রত্যক্ষ করেন। পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংসদের লাইব্রেরি ঘুরে দেখেন, সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন এবং উত্তর প্লাজায় ফটোসেশনে মিলিত হন।

