আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বড় কূটনৈতিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আগামী ডিসেম্বরে বিজয়ের মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে ঢাকায় আমন্ত্রণ জানানোর জোর প্রস্তুতি চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ এই দুই দেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ঢাকা। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, প্রবাসী কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি, আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণ এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যৌথভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় গিয়েছিলেন; প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণেই তাঁর ওই সফর অনুষ্ঠিত হয়। অন্যদিকে, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
এবারের সম্ভাব্য সফরের মধ্য দিয়ে ঢাকা, কুয়ালালামপুর ও মালের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
