আওয়ার টাইমস নিউজ।
গাজীপুর ও নরসিংদী প্রতিনিধি: নরসিংদী থেকে প্রাইভেট কারে করে গাজীপুরের শ্রীপুরে যাওয়ার পথে ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে বিকাশের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের ৩ কোটি টাকা লুট করে নিয়ে গেছে সশস্ত্র দুর্বৃত্তরা। সন্ধ্যায় ১০ থেকে ১২টি মোটরসাইকেলে এসে গাড়িটির গতিরোধ করে এক কর্মকর্তাকে গুলি এবং চালকসহ অপর একজনকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করার পর টাকার বস্তা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
ভুক্তভোগী ফাহাদ হোসেনের বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার দিকে বিকাশের নরসিংদী সদরের ডিস্ট্রিবিউশন শাখা থেকে চারটি বস্তায় মোট চার কোটি টাকা নিয়ে তিন সহকর্মী একটি প্রাইভেট কারে করে শ্রীপুরের মাওনার উদ্দেশে রওনা দেন। গাড়িটি সন্ধ্যা সোয়া ৬টার দিকে কর্ণপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা অন্তত ২০ থেকে ২৪ জন সশস্ত্র দুর্বৃত্ত গাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে গতিরোধ করে।
ফাহাদ হোসেন জানান, গাড়িতে থাকা কেউ কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা প্রাইভেট কারের সামনের বাম পাশের গ্লাস ভেঙে হিসাব বিভাগের ম্যানেজার হিমেল আহমেদকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে তিনি গুলিবিদ্ধ হন। একই সময়ে হামলাকারীরা চালকের পাশের গ্লাস ভেঙে ফাহাদ ও গাড়িচালককে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। এরপর দুর্বৃত্তরা প্রাইভেট কারের পেছনে রাখা চারটি টাকার বস্তার মধ্যে তিনটি বস্তা (প্রতি বস্তায় এক কোটি করে মোট ৩ কোটি টাকা) ছিনিয়ে নিয়ে শ্রীপুরের দিকে দ্রুত পালিয়ে যায়।
হামলার পর আহত অবস্থাতেই ফাহাদ হোসেন নিজে প্রাইভেট কার চালিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। সেখানে গুলিবিদ্ধ হিসাব বিভাগের ম্যানেজার হিমেল আহমেদের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

