আওয়ার টাইমস নিউজ।
দেশজুড়ে ডেস্ক: সাগরপথে মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে মাছ ধরার ট্রলারে তোলা হয়েছিল ৭২ জন নারী, পুরুষ ও শিশুকে। টানা আট দিন গভীর সমুদ্রে ভাসিয়ে রাখার পর পাচারকারী চক্র ও ট্রলারের মাঝিমাল্লাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দেয়। একপর্যায়ে যাত্রীদের কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট এলাকায় নামিয়ে দিয়ে সটকে পড়ে পাচারকারীরা।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) রাতে ওই এলাকা থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার হওয়াদের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী এবং একজন শিশু রয়েছে। ট্রলারে থাকা অবশিষ্ট যাত্রীরা তীরে নামার পরপরই আত্মগোপনে বা বিভিন্ন গন্তব্যে চলে গেছেন বলে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন।
ভুক্তভোগীরা জানান, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে তাদের ট্রলারে তোলা হয়েছিল। কিন্তু সমুদ্রের মাঝপথে পাচারকারী দলের সদস্যদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা ও বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে তারা ট্রলারটি ঘুরিয়ে কক্সবাজারের লাবণী পয়েন্টের তীরে ভিড়িয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া ঘাট থেকে ছোট নৌকায় করে যাত্রীদের গভীর সাগরে অপেক্ষমাণ একটি বড় ট্রলারে স্থানান্তর করা হয়। সেদিন থেকেই শিশু ও নারীসহ ৭২ জন যাত্রী ওই ট্রলারে চরম অনিশ্চয়তা ও মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছিলেন।
উদ্ধার হওয়া টেকনাফের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস সেদিনের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, ১২ নভেম্বর ছোট নৌকায় করে তাদের বড় ট্রলারে তোলার পর টানা কয়েকদিন সাগরে ভাসিয়ে রাখা হয়। এ সময় ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের মধ্যে লেনদেন বা অন্যান্য বিষয় নিয়ে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তারা ট্রলারটি লাবণী পয়েন্টে এনে ভিড়িয়ে দেয় এবং পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। ইলিয়াস আরও অভিযোগ করেন, পালানোর আগে ট্রলারে থাকা দুজন ব্যক্তিকে রশি দিয়ে বেঁধে আটকে রাখা হয়েছিল। তার তথ্যমতে, ট্রলারে থাকা ৭২ জনের মধ্যে পুলিশ ২৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং বাকিরা নেমে ছড়িয়ে-ছিটিয়ে চলে গেছেন।
পাচার চক্রে স্থানীয় সিন্ডিকেটের সম্পৃক্ততার অভিযোগ:
এদিকে এই মানবপাচারের ঘটনায় টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে আব্দুল আমিনের (৪১) সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, আব্দুল আমিন এলাকায় প্রভাব খাটিয়ে পাহাড়কেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক নেটওয়ার্ক পরিচালনা করেন এবং তার বিরুদ্ধে মানবপাচার, অপহরণ ও মাদক কারবারের অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছে, মালয়েশিয়াগামী যাত্রীদের প্রথমে গোপন আস্তানায় জিম্মি করে রাখা হয় এবং পরে রাতের অন্ধকারে ছোট নৌকায় করে সাগরের মাঝপথে বড় ট্রলারে তুলে দেওয়া হয়, যার নেপথ্যে আব্দুল আমিনের সক্রিয় ভূমিকা রয়েছে।
স্থানীয় সূত্রগুলো আরও দাবি করেছে, আব্দুল আমিন পুলিশ হত্যা ও তিন বন্ধু হত্যা মামলাসহ একাধিক গুরুতর মামলার পলাতক আসামি। পাশাপাশি টেকনাফ সদর ইউনিয়নের সাইফুল ইসলাম, শামসুল আলম ওরফে কালা বাম্বু, হেলাল, ইসমাইল ও মো. আব্দুল্লাহসহ ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ মানবপাচারকারী সিন্ডিকেট ওই অঞ্চলে সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে।
জীবনবাজি রেখে সাগরপথে অবৈধভাবে বিদেশ যাত্রার নামে এমন মানবপাচার এবং নারী ও শিশুদের চরম ঝুঁকির মুখে ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সচেতন মহল অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ট্রলারে থাকা নিখোঁজ বাকি যাত্রীদের অবস্থান নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

