আওয়ার টাইমস নিউজ।
শিক্ষা ডেস্ক: অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থী শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যে ষষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি (পাস কোর্স) পর্যন্ত দেশের ৭০ লাখ শিক্ষার্থীর জন্য উপবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী এক থেকে দুই মাসের মধ্যেই এই উপবৃত্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলের হাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।
জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে অনেক শিক্ষার্থীর পড়াশোনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। সরকার চায়, অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যেন শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে। প্রত্যেক শিক্ষার্থী যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্যই উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপবৃত্তির আওতা সম্পর্কে তিনি জানান, ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে ডিগ্রি (পাস কোর্স) পর্যন্ত ছেলে ও মেয়ে মিলিয়ে মোট ৭০ লাখ শিক্ষার্থীকে এই সুবিধার আওতায় আনা হবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হয়ে শিক্ষার্থীদের কাছে উপবৃত্তির অর্থ পৌঁছে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একজন মানুষ শিক্ষিত হলে শুধু তিনি নিজেই উপকৃত হন না, তার পরিবারও এর সুফল পায় এবং শিক্ষিত জনগোষ্ঠী দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখে। এ কারণে আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষার পথ বন্ধ হয়ে যাওয়া উচিত নয় বলে সরকার মনে করে।
উপবৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নতুন বই ও স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের গ্রামাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য প্রতিবছরের শুরুতেই নতুন বই পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ খেটে খাওয়া মানুষের সন্তানদের জন্য নতুন বইয়ের পাশাপাশি নতুন স্কুল পোশাক তুলে দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে।
এর আগে, আজ সকালে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’-এর ক্যাম্পাস পরিদর্শনে যান এবং সেখানে আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের অনুরোধে তাদের সঙ্গে সেলফি তোলেন।
প্রতিযোগিতায় দেওয়া বক্তব্যে তারেক রহমান চতুর্থ শিল্পবিপ্লবের সময়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে বর্তমান সরকার। পাশাপাশি মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোর কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি জানান, আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের বিজ্ঞানীদের তৈরি একটি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর আশা করছে সরকার।

