আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে এখন ‘লাশের অপেক্ষা করছেন’ বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। ওই পোস্টে শেখ হাসিনাকে ‘সাইকোপ্যাথ’ চরিত্রের মানুষ হিসেবেও উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টের শুরুতে সোহেল তাজ লেখেন, ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন।’
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী তার প্রায় দেড় দশকের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, নিপীড়ন, গুম ও খুন চালিয়েছেন এবং সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, গণতন্ত্র ধ্বংস, লুটপাট ও গণহত্যার মাধ্যমে দেশকে বিপর্যস্ত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করা হচ্ছে, যাতে তিনি ফিরে এসে প্রতিশোধ নিতে পারেন।
সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার পোস্টে আরও উল্লেখ করেন, শেখ হাসিনা সম্প্রতি বলেছেন যে তার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না, আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ, তিনি নিজের দলের লাশ চান। সোহেল তাজের দাবি, এ কারণেই উসকানিমূলক কর্মসূচি দেওয়া হচ্ছে যাতে কিছু মানুষ প্রাণ হারান, আর সেই লাশ ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টির মাধ্যমে সরকার পতনের পরিকল্পনা বাস্তবায়ন করা যায়।
পোস্টের শেষাংশে সোহেল তাজ মন্তব্য করেন, এটিই একজন ‘সাইকোপ্যাথ’ (psychopath)-এর চরিত্র; যিনি নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন।

