আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ডেস্ক: দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের জেলা লালমনিরহাটে সরকারি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দিনব্যাপী সফরে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে তাঁর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নিজ বাসভবন থেকে রাজধানীর তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। এরপর সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের পথে যাত্রা করবেন তিনি।
সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর প্রধানমন্ত্রী ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।
দিনের পরবর্তী কর্মসূচিতে দুপুরে প্রধানমন্ত্রী লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে তিনি ওই প্রকল্পের স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
দুপুরের পর লালমনিরহাট সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে তিনি স্থানীয় কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। নির্ধারিত সব কর্মসূচি সম্পন্ন করে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে দীর্ঘ বছর পর প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে লালমনিরহাটসহ পুরো উত্তরাঞ্চলজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে।

