আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ও ধর্ম ডেস্ক: বিশ্বে সবচেয়ে বেশি অনুসারীর ধর্ম হিসেবে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে চলেছে ইসলাম। আগামী ২০৩৫ সালের মধ্যেই বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই ঐতিহাসিক পূর্বাভাস দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে প্রকাশিত এই প্রতিবেদনে আগামী কয়েক দশকে বৈশ্বিক ধর্মীয় জনসংখ্যার বড় ধরনের পরিবর্তনের চিত্র উঠে এসেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের (যেখানে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস) তথ্য বিশ্লেষণ করে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি প্রধান ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যার পরিবর্তন পর্যালোচনা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, আগামী দশকগুলোতে মুসলিম ও খ্রিষ্টান—উভয় ধর্মের অনুসারী বাড়লেও খ্রিষ্টানদের তুলনায় মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির হার হবে অনেক বেশি। ফলে একপর্যায়ে খ্রিষ্টধর্মকে টপকে শীর্ষে উঠে আসবে ইসলাম।
মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধির প্রধান কারণসমূহ:
সন্তান জন্মদানের উচ্চ হার: প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার বিশ্বের অন্যান্য প্রধান ধর্মীয় গোষ্ঠীর তুলনায় বেশি, যা মুসলিম জনগোষ্ঠী দ্রুত বেড়ে ওঠার অন্যতম প্রধান কারণ। পিউ’র হিসাব অনুযায়ী, একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তান জন্ম দেন, যেখানে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫। স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির কারণে মুসলিম জনগোষ্ঠীতে নতুন করে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে, বিপরীতে খ্রিষ্টান জনগোষ্ঠীতে যুক্ত হতে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ।
ধর্ম ত্যাগের প্রভাবে পিছিয়ে পড়বে খ্রিষ্টধর্ম: ধর্ম ত্যাগ ও ধর্মান্তরের হিসাবেও বড় পার্থক্য লক্ষ্য করা গেছে। পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত ইসলাম ত্যাগ এবং ইসলামে আসার হিসাব মিলিয়ে মুসলিম জনগোষ্ঠীর নিট পরিবর্তন হতে পারে মাত্র ৮০ লাখ। অন্যদিকে, খ্রিষ্টধর্মের ক্ষেত্রে এই ক্ষতির পরিমাণ হতে পারে ১০ কোটি ৫০ লাখ! খ্রিষ্টধর্ম ছেড়ে যাওয়া অনেকেই পরবর্তী সময়ে কোনো ধর্মের সঙ্গেই নিজেদের সম্পৃক্ত করবেন না।
পাকিস্তান হবে বৃহত্তম মুসলিম দেশ: পিউ’র গবেষণা বলছে, ২০৭০ সালের মধ্যে বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে আরও প্রায় ১২০ কোটি মুসলিম বসবাস করবেন। বিশেষ করে পাকিস্তানে মুসলিম জনসংখ্যা বেড়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে, যার ফলে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে পাকিস্তান। এছাড়া মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে মোট জনসংখ্যার ৯৫ শতাংশই মুসলিম হতে পারে।
সব মিলিয়ে পিউ রিসার্চের এই গবেষণায় স্পষ্ট হয়ে উঠেছে যে, আগামী পাঁচ দশকে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে এবং জন্মহার ও স্বাভাবিক বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে মুসলিমদের অবস্থান আরও শক্তিশালী হবে।
সূত্র: আল জাজিরা ও পিউ রিসার্চ সেন্টার।

