আওয়ার টাইমস নিউজ
অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক: আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতু স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আশঙ্কার ফলে বিশ্ববাজারে গত এক বছরের মধ্যে সর্বনিম্ন তলানিতে গিয়ে ঠেকেছে স্বর্ণের দাম। বাজার তথ্যানুযায়ী, প্রতি আউন্স স্বর্ণের দাম উল্লেখযোগ্য পরিমাণে কমে বিগত প্রায় এক বছরের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।
আন্তর্জাতিক এই বড় দরপতনের সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারেও। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও কমানো হয়েছে স্বর্ণের মূল্য। এর ফলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে টানা ৬ দফায় কমল স্বর্ণের দাম। এই ধারাবাহিক পতনে দেশের বাজারে স্বর্ণের দাম সবমিলিয়ে ভরিতে প্রায় সাড়ে ১৪ হাজার টাকা হ্রাস পেয়েছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং মার্কিন মুদ্রার ঊর্ধ্বগতির কারণে স্বর্ণের বাজারে এই নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। এর ফলে দেশের বাজারেও সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তির সুযোগ পাচ্ছেন।

