আওয়ার টাইমস নিউজ
আন্তর্জাতিক ও প্রবাস ডেস্ক: আন্তর্জাতিক অঙ্গনে আবারও লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরলেন বাংলাদেশের অদম্য তরুণী জলবায়ু ও মানবাধিকারকর্মী ফাতিহা আয়াত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের (ডব্লিউওয়াইসি) মর্যাদাপূর্ণ ‘প্রমিস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বিশ্বসেরা অর্থাৎ ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন তিনি। চূড়ান্ত পর্বে যুক্তরাজ্য, মেক্সিকো ও গুয়াতেমালার শক্তিশালী প্রতিযোগীদের পেছনে ফেলে এই বিরল গৌরব অর্জন করেন বাংলাদেশের এই মেধাবী কন্যা।
রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে এই ঐতিহাসিক অর্জনের খবর জানান ফাতিহা আয়াত। তিনি উল্লেখ করেন, এই বিজয় কেবল তাঁর একার নয়, এটি পুরো বাংলাদেশের এবং দেশের প্রতিটি তরুণ-তরুণীর গৌরব।
জানা গেছে, ওয়ার্ল্ড ইউথ ক্লাবস প্রতিবছর বিশ্বের ৫০টিরও বেশি দেশের পাঁচ লাখের বেশি কিশোর-কিশোরীর অংশগ্রহণে ‘প্রমিস অ্যাওয়ার্ডস’ আয়োজন করে থাকে। ১৩ থেকে ১৯ বছর বয়সী তরুণদের নেতৃত্বদানের দক্ষতা, দৃঢ়তা, শিক্ষাগত অগ্রগতি এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয়। এবারের চূড়ান্ত তালিকায় ফাতিহার সঙ্গে ছিলেন যুক্তরাজ্যের অ্যাডাম হেনসন, গুয়াতেমালার কারেন আবিগাইল এবং মেক্সিকোর এলিসমা আদামারি।
কে এই ফাতিহা আয়াত?
ঢাকায় জন্ম নেওয়া ফাতিহা আয়াত শৈশব থেকেই শিশু অধিকার, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার ভূমিকা রাখছেন। মাত্র সাত বছর বয়সে জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে শিশু অধিকার ও জলবায়ু কার্যক্রম নিয়ে তেজোদীপ্ত বক্তব্য দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তিনি।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তরুণদের সম্পৃক্ত করতে ‘জিরো অলিম্পিয়াড’ নামে একটি বৈশ্বিক প্রতিযোগিতা চালু করেন ফাতিহা, যে উদ্যোগের জন্য তিনি এবারের প্রমিস অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছিলেন। এছাড়া তিনি ‘চাইল্ড’ (CHILDD) নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, যা জলবায়ু, স্বাস্থ্য, তথ্য ও শিক্ষার উন্নয়নে কাজ করে। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাসের পর ২০২৪ সালের জুলাইয়ে দেশে ফিরে আগা খান একাডেমি ঢাকায় ভর্তি হন তিনি। এর আগে ২০২৩ সালেও তিনি জাতিসংঘের ‘হিউম্যান রাইটস হিরো অ্যাওয়ার্ড’ লাভ করেছিলেন। ফাতিহার এই অনন্য অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা ও অভিনন্দনের জোয়ারে ভাসছেন তিনি।
সূত্র: আন্তর্জাতিক ডেস্ক ও সোশ্যাল মিডিয়া।

