আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার ত্রিপক্ষীয় বৈঠকে বৈশ্বিক সংঘাত নিরসনের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে ট্রাম্পের নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে রসিকতা করার পাশাপাশি নোবেল কমিটির নিরপেক্ষতা ও পুরস্কারের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৈঠকে পুতিন দাবি করেন, নোবেল পুরস্কারের তহবিল গঠনে ব্যবহৃত অর্থের একটি বড় অংশের উৎস ছিল রাশিয়ায় আলফ্রেড নোবেলের ব্যবসা। অথচ বর্তমানে যারা রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক রাখতে অনাগ্রহী, তারাই নোবেল কমিটির কাছ থেকে পুরস্কারের অর্থ নিতে দ্বিধা করছেন না বলে মন্তব্য করেন তিনি।
পুতিন বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না, নোবেল কমিটি মূলত সেই অর্থ ব্যবহার করে, যা নোবেল রাশিয়ায় ব্যবসা করে উপার্জন করেছিলেন। রাশিয়ায় তাঁর ব্যবসায়িক কর্মকাণ্ডই ছিল তাঁর সম্পদের মূল উৎস। বর্তমানে সেই ফাউন্ডেশন পুরস্কারপ্রাপ্তদের অর্থ দিচ্ছে। কিন্তু মানুষ আর মনে রাখে না, এই অর্থের উৎস ছিল রাশিয়া।’ তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমা বিশ্ব রাশিয়ার সঙ্গে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্ক রাখতে না চাইলেও নোবেল কমিটির মাধ্যমে আসা অর্থ আনন্দের সঙ্গে গ্রহণ করছে।
এছাড়া নোবেল শান্তি পুরস্কারের বর্তমান মর্যাদা ও নির্বাচন প্রক্রিয়া নিয়েও সংশয় প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের মতে, পুরস্কার প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় কোনো ব্যক্তির প্রকৃত অবদানের চেয়ে অনেক সময় স্পষ্ট রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাচ্ছে।
বৈঠকের একপর্যায়ে নোবেল শান্তি পুরস্কার নিয়ে আলোচনার সময় ডোনাল্ড ট্রাম্পকে রসিকতার ছলে একটি বিকল্প সমাধানের কথাও উল্লেখ করেন ভ্লাদিমির পুতিন। তিন বিশ্বনেতার এই বৈঠকে কূটনৈতিক নানা বিষয়ের পাশাপাশি এমন হালকা ও তীক্ষ্ণ মন্তব্য আন্তর্জাতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: আন্তর্জাতিক ডেস্ক।

