আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ও রাজনীতি ডেস্ক: দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও কল্যাণের লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, রাজনৈতিক দলগুলো দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে বলে দাবি করলেও বর্তমান কর্মকাণ্ডে তা প্রতিফলিত হচ্ছে না। তাঁর মতে, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও থানায় আগুন দেওয়ার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না; বরং এগুলো দেশকে ধ্বংস করার একটি প্রক্রিয়া।
সব রাজনৈতিক দলকে ব্যক্তি স্বার্থ পরিহারের আহ্বান জানিয়ে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, “আসুন আমরা সবাই বিএনপি, আওয়ামী লীগসহ যত রাজনৈতিক দল আছে সবাই একসঙ্গে বসি। আমরা এ দেশে জন্মগ্রহণ করেছি, এ দেশের ভালো-মন্দের সাথে আমরা জড়িত। আমরা চাই এ দেশটা সুন্দর দেশ হবে, সবাই একসাথে কাজ করব।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশায় ছাত্র-জনতা জীবন দিলেও সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। এ প্রসঙ্গে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “দুঃখের সাথে বলতে হয় আমরা ভুল করেছি। যাদেরকে আমরা রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসালাম পুরোনোরাই নতুনভাবে শাড়ি পরে চেয়ারে বসেছে।
বক্তব্যে বিএনপির উদ্দেশে চরমোনাই পীর বলেন, ক্ষমতায় যাওয়ার আগে গণভোটের রায় বাস্তবায়নসহ জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে কেউ দেশ পরিচালনা করতে পারবে না বলেও সতর্ক করেন তিনি। পরিশেষে তিনি উল্লেখ করেন, অতীত ও বর্তমান সরকারগুলোর নীতি ও আদর্শ ব্যর্থ হয়েছে এবং ইসলামি আদর্শ অনুসরণ করে সব পক্ষ একসঙ্গে কাজ করলে দেশে সমৃদ্ধির নতুন অধ্যায় তৈরি হতে পারে।

