আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ও রাজনীতি ডেস্ক: ফ্যাসিবাদী শক্তি আবারও রক্তাক্ত লাশের ওপর দিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরে আসতে চাচ্ছে বলে কড়া মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন এবং দেশের মাটিতে ‘পঞ্চম বাহিনী’কে প্রতিহত করতে দেশবাসীর প্রতি জোর আহ্বান জানান।
ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করার পর দেশের মানুষের মনে স্বস্তি ও শান্তি ফিরে এসেছে উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশের মানুষ আর সেই অন্ধকার ও সহিংস পরিবেশের প্রত্যাবর্তন চায় না। তাঁর ভাষায়, ‘কিন্তু তারা মনে করে ওইভাবেই আবার ক্ষমতায় আসবে। আবার মানুষকে হত্যা করবে, আবার রক্তপাত ঘটাবে, আবার ককটেল মারবে, আবার গাড়িতে আগুন দেবে—এর মধ্য দিয়ে তারা ফিরে আসতে চায়। যেমন তারা রাষ্ট্রক্ষমতায় থাকাকালে এই কাজগুলো করেছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, গুম, খুন এবং ক্রসফায়ার ছিল বিগত সরকারের চরিত্র এবং শেখ হাসিনা এই ধরনের বাংলাদেশ নির্মাণ করেছিলেন। দেশের মানুষ তাঁর প্রত্যাবর্তন কখনোই মেনে নেবে না বলে মন্তব্য করেন রিজভী। তিনি অভিযোগ করেন, সেই অপচেষ্টার অংশ হিসেবেই গত পরশু ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লাকে হত্যা করা হয়েছে এবং নড়াইলে দুজনকে হত্যা করা হয়েছে। কারা তাদের মদদ দিচ্ছে, তা সবার জানা আছে বলেও মন্তব্য করেন তিনি।
সারা দেশে ‘পঞ্চম বাহিনী’ সক্রিয় হয়ে উঠেছে দাবি করে রিজভী বলেন, রাস্তাঘাটসহ প্রতিটি জায়গায় এই পঞ্চম বাহিনীকে প্রতিরোধ করতে হবে এবং কোনোভাবেই তাদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না।
ইতিহাস বিকৃতি ও পাঠ্যপুস্তক প্রসঙ্গ:
বায়ান্ন ও একাত্তরের স্বপ্ন অনুযায়ী একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, মতপ্রকাশ ও শিক্ষার স্বাধীনতার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে রিজভী বলেন, সেই স্বপ্ন বারবার হোঁচট খেয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে পাঠ্যসূচিতে একটি দল ও নেতার কাহিনী বড় করে দেখাতে গিয়ে অনেক বরেণ্য নেতার অবদান ও নিরপেক্ষ ইতিহাস বাদ দেওয়া হয়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শের-ই-বাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পাঠ্যবইয়ে খাটো ও অপমানিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
রিজভীর ভাষায়, সত্যকে মুছে দিয়ে একটি পরিবার ও দলকে মহিমান্বিত করার অপচেষ্টা চালানো হয়েছিল। আর সে কারণেই ছাত্র, শিক্ষক, জনতা ও শ্রমিক একত্রিত হয়ে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন ও তার প্রধানকে পরাজিত করেছে।

