আওয়ার টাইমস নিউজ।
চট্টগ্রাম ব্যুরো: বন্দরনগরী চট্টগ্রামে একের পর এক নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাতে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধের চেষ্টা এবং পাল্টাপাল্টি শোডাউনের ঘটনা ঘটেছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ আবাসিক এলাকায় ড. মুহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। বাড়িটিতে বর্তমানে কেয়ারটেকার ছাড়া কেউ বসবাস করেন না। রাতের আঁধারে ঘটনাটি ঘটায় প্রত্যক্ষদর্শী কারও বক্তব্য পাওয়া যায়নি, তবে বাউন্ডারি ঘেরা বাড়িটির অভ্যন্তরে আগুন জ্বলতে দেখা গেছে এবং সেই আগুনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে অগ্নিসংযোগের ঘটনার আগে বুধবার রাতে নগরীর ষোলশহরে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অভিযান চালায় পাঁচলাইশ থানা পুলিশ। একই রাতে আন্দরকিল্লায় অবস্থিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের বাসভবনে অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানা পুলিশ। উল্লেখ্য, ৫ আগস্টের পর নওফেলের বাসায় একাধিকবার হামলা ও অভিযান হলেও আ জ ম নাছিরের বাসায় পুলিশের এটিই প্রথম অভিযান।
সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে থাকলেও তার অনুসারীরা এলাকায় সক্রিয় রয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে সামনে রেখে বুধবার রাতে নগরীর নিউ মার্কেট মোড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, যা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এবং চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেটের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা চালায়।
এর আগে বুধবার সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকায় বিএনপির একটি নৈরাজ্যবিরোধী মিছিলে বাস তুলে দেওয়ার ঘটনায় দলটির অন্তত সাতজন নেতাকর্মী আহত হন। একই দিন সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লা মোড়, চেরাগী পাহাড় ও টেরিবাজারসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং বিএনপির পাল্টাপাল্টি শোডাউনের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

