আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে এবার কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে বাহরাইনেও কয়েক দফা আঘাত হানা হয়েছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব হিসেবে গতকাল বুধবার (১৮ নভেম্বর ২০২৬) এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গলফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে সফল ড্রোন হামলা চালানো হয়েছে। এই অভিযানে ঘাঁটিতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থাকে মূল লক্ষ্যবস্তু করা হয়।
অন্যদিকে, কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ছোড়া ড্রোনগুলো সফলভাবে প্রতিহত করেছে। একইভাবে বাহরাইনের সামরিক বাহিনীও জানিয়েছে, তারা ইরানের পক্ষ থেকে চালানো বেশ কয়েকটি হামলা আকাশেই ঠেকিয়ে দিয়েছে। তবে এসব পালটাপালটি হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, গত মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আত্মরক্ষার অংশ হিসেবে নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম আধুনিক অস্ত্র ব্যবহার করে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।
বার্তা সংস্থা এপির (AP) এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডার স্থাপনায় ইরানের হামলার জবাবেই কেশম দ্বীপে পালটা হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। পরস্পরবিরোধী এই হামলার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

