আওয়ার টাইমস নিউজ।
দেশজুড়ে ডেস্ক: বাগেরহাটে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ এবং খুলনা-বাগেরহাট মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া পৃথক ঘটনায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিল ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হীরুর বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। গত বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব নাশকতামূলক ঘটনা ঘটে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় অবস্থিত বিএনপির কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, ফ্যান ও নেতাকর্মীদের ছবিসহ বিভিন্ন আসবাবপত্র ও সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিসংযোগের পর কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা লকডাউন’ লিখে রেখে যায় হামলাকারীরা।
এদিকে, আজ বৃহস্পতিবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে এবং স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। পরে পুলিশ সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক অভিযোগ করে বলেন, রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা বারুইপাড়া ইউনিয়নের ঝাউতলায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন দিয়েছে এবং শ্রীঘাট এলাকায় মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে। নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। যেকোনো নাশকতা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।
অন্যদিকে, বুধবার রাতে বাগেরহাট সদর উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় মিল্কভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হীরুর বাড়ি লক্ষ্য করেও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
সার্বিক পরিস্থিতি নিয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এছাড়া শ্রীঘাট এলাকায় মহাসড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে এবং পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

