আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) নামে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের পরিকল্পিতভাবে নিশানা করার মাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। ভারতজুড়ে এই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, যার সংখ্যা মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় সমান। ভারতের ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার এটিই সবচেয়ে বড় ঘটনা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ) এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ইউএসসিআইআরএফ-এর চেয়ারম্যান আসিফ মাহমুদ এক বিবৃতিতে কড়া ভাষায় বলেন, ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করছে এবং এখন তাদের অবৈধভাবে নিজ দেশ থেকে বেরও করে দিচ্ছে।
মুসলিমদের নাম বাদ পড়া ও বিক্ষোভ:
তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের নাম তুলনামূলকভাবে অনেক বেশি বাদ পড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে মুসলিমরা ক্রমবর্ধমান বৈষম্য ও বর্জনমূলক নীতির শিকার হচ্ছেন। বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে দেশটিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও বিরোধী দলীয় নেতাকর্মীরা। বিক্ষোভ দমনে ভারত সরকারের কঠোর পদক্ষেপেরও তীব্র সমালোচনা করেছেন মানবাধিকার বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের কমিশনের সদস্য জিন মিলস উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারত সরকার নিজ দেশের নাগরিক হওয়া সত্ত্বেও মুসলিম ধর্মাবলম্বীদের নিশানা করে তাদেরই দেশ থেকে বের করে দেওয়ার ঘটনা এক ভয়াবহ মাত্রা যোগ করেছে। এ কারণে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (Country of Particular Concern) হিসেবে ঘোষণা করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি জোর আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতের অবস্থান ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া:
যদিও ভারতের নির্বাচন কমিশন দাবি করেছে, তালিকা থেকে কেবল মৃত, স্থানান্তরিত, অযোগ্য ও একাধিকবার থাকা নামগুলোই বাদ দেওয়া হয়েছে এবং ভুলবশত কারও নাম বাদ পড়লে আপিলের সুযোগ রয়েছে। অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরের মতোই ইউএসসিআইআরএফ-কে ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে এবং একে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে দাবি করেছে।
এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, মোদি সরকারের আমলে ঘৃণামূলক বক্তব্য, ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন, মুসলিমদের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া এবং কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের মতো পদক্ষেপের মাধ্যমে সংখ্যালঘু নিপীড়ন বৃদ্ধি পেয়েছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত মাসে বিষয়টিকে ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়’ উল্লেখ করে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছিলেন।
সূত্র: রয়টার্স ও আন্তর্জাতিক ডেস্ক।

