আওয়ার টাইমস নিউজ।
শিক্ষা ও জাতীয় ডেস্ক: বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও যিশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে টানা ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানভেদে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসার ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত ২০২৬ সালের বার্ষিক ছুটির বর্ষপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, এবার ডিসেম্বরে সবচেয়ে বেশি টানা ১৮ দিন ছুটি পাচ্ছে কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া মাদরাসায় টানা ১৫ দিন এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন ছুটি থাকবে।
প্রতিষ্ঠানভেদে ছুটির বিস্তারিত তালিকা:
কলেজ (টানা ১৮ দিন): সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষার্থীরা এবার সর্বোচ্চ ছুটি উপভোগ করবে। ছুটির তালিকা অনুযায়ী, ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে কলেজ বন্ধ থাকবে। এর ঠিক আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি এবং ৩১ ডিসেম্বর বৃহস্পতিবারের পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজগুলোতে সব মিলিয়ে টানা ১৮ দিন ছুটি থাকবে।
মাদরাসা (টানা ১৫ দিন): দেশের সরকারি ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় আগামী ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ও পরের সাপ্তাহিক ছুটিগুলো যুক্ত হওয়ায় মাদরাসাগুলোতে টানা ১৫ দিন ক্লাস বন্ধ থাকবে।
প্রাথমিক বিদ্যালয় (টানা ১২ দিন): প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ ও বড়দিনের ছুটি থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা ১২ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়।
মাধ্যমিক বিদ্যালয় (টানা ১২ দিন): দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতেও ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে। এর আগের ১৮ ও ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মাধ্যমিকের শিক্ষার্থীরাও টানা ১২ দিনের ছুটি পাবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিসেম্বরের এই ছুটির মধ্য দিয়েই ২০২৬ শিক্ষাবর্ষের নির্ধারিত বার্ষিক ছুটির তালিকা শেষ হবে। তবে প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত ছুটি প্রয়োগ করা হলে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা এর সঙ্গে আরও অতিরিক্ত ছুটি পেতে পারেন।

