আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ও রাজনীতি ডেস্ক: পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা ও ২০২৪ সালের জুলাই গণহত্যার দায় এবং সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ করার বিষয়টি জোরালোভাবে সামনে এসেছে। সরকারের নীতিনির্ধারক মহল ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, দলটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করতে প্রয়োজনে বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে সংবিধান সংশোধনের পথেও হাঁটতে পারে সরকার।
রাজনৈতিক ও সংশ্লিষ্ট সূত্রমতে, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি আরও তীব্র হয়ে ওঠে।
গত ২১ নভেম্বর রংপুরে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে। এ লক্ষ্যে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সেটি বাস্তবায়ন করবে বলেও তিনি ইঙ্গিত দেন।
একই ধরনের বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, কেবল কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ রাখাই যথেষ্ট নয়, বরং আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার এখনই উপযুক্ত সময়। জাতীয় সংসদের আগামী অধিবেশনে সরকারি ও বিরোধী দল সাংবিধানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে ঐক্যবদ্ধ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, দেশে-বিদেশে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের চরিত্র প্রমাণ করেছে এবং এই গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।
এদিকে পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন। পাশাপাশি জাতীয় ঐক্যের লক্ষ্যে গতকাল সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিন সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া ও সাম্প্রতিক অস্থিতিশীলতা মোকাবিলায় সরকারি ও বিরোধী দলগুলোর মধ্যে যে ঐকমত্যের পরিবেশ তৈরি হচ্ছে, তাতে সাংবিধানিক বা আইনি কাঠামোর মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে।

