আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ও কূটনীতি ডেস্ক: ১৯৯৬ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। মেয়াদ ফুরোতে তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও নবায়ন বা নতুন চুক্তি নিয়ে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক আলোচনার কোনো সময়সূচি মেলেনি। এমতাবস্থায় শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে আগের মতো ‘গ্যারান্টি ক্লজ’ বা পানিপ্রবাহের নিশ্চয়তামূলক ধারা ফেরানোর দাবি জানিয়ে আলোচনার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন চুক্তির লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা এবং ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে দ্রুত আলোচনা শুরুর চিঠিও পাঠানো হয়েছে।
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির আদলে গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। ১৯৭৭ সালের চুক্তিতে শুষ্ক মৌসুমে ফারাক্কায় পানিপ্রবাহ কমে গেলে যেকোনো ১০ দিনের চক্রে বাংলাদেশকে নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি দেওয়ার বাধ্যবাধকতা ছিল, যা ১৯৯৬ সালের চুক্তিতে বাদ পড়ে। গত ১৭ নভেম্বর ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি দিয়ে দ্রুত আনুষ্ঠানিক বৈঠকের আহ্বান জানিয়েছেন তিনি।
নতুন চুক্তি নিয়ে আলোচনার জন্য গঠিত উচ্চপর্যায়ের কারিগরি কমিটির প্রধান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, গঙ্গার পানি ইস্যু কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতির সঙ্গে সরাসরি জড়িত। শুষ্ক মৌসুমে প্রবাহ কমে গেলেও যাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ন্যায্য হিস্যা পায়, দীর্ঘমেয়াদে তেমন নিশ্চয়তাই চায় সরকার।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর দ্রুত নতুন সমঝোতা না হলে শুষ্ক মৌসুমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচ, মৎস্য, নৌপরিবহন ও পরিবেশ মারাত্মক ঝুঁকিতে পড়বে; বাড়তে পারে লবণাক্ততা ও নাব্যতা সংকট। বুয়েটের পানিসম্পদ বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমানের মতে, শুধু ভাগাভাগির সূত্র নয়, নদীতে পানি কমলে বাংলাদেশ কতটুকু পাবে, সেটির স্পষ্ট নিশ্চয়তা বা গ্যারান্টি ক্লজ থাকা জরুরি।
উল্লেখ্য, গত রবিবার ঢাকায় যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হলেও চুক্তি নবায়ন বা নতুন চুক্তির বিষয়টি দুই দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের এখতিয়ারভুক্ত হওয়ায় সেখানে আলোচিত হয়নি। চুক্তির বিধান অনুযায়ী, ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হলে তা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে না; দুই দেশের সম্মতিতেই নতুন বা সংশোধিত চুক্তি করতে হবে।

