আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ও কূটনীতি ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের জবাবে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘রিয়েলিটি ও ডিজায়ার দুই জিনিস; প্রত্যর্পণ চুক্তির আওতায় হাতকড়া পরেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে।’
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই মন্তব্য করেন। এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে শেখ হাসিনার মুখপাত্রের বরাতে জানানো হয়, ১৬ ডিসেম্বর দিল্লি থেকে ঢাকায় ফিরতে বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান পাঠানোর আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
রয়টার্সের ওই প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাস্তবতা (রিয়েলিটি) আর ইচ্ছা বা আকাঙ্ক্ষা (ডিজায়ার) এক বিষয় নয়। বাংলাদেশের আদালতের রায় ও আইন অনুযায়ী, ভারতের সঙ্গে থাকা দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় বন্দি হিসেবে হাতকড়া পরেই তাকে দেশে ফিরতে হবে। রাষ্ট্রীয় বিমান পাঠিয়ে তাকে ফিরিয়ে আনার কোনো প্রশ্নই ওঠে না বলেও তিনি ইঙ্গিত দেন।
এর আগে আজ দুপুরে একই খবরের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছিলেন, ‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে।’
প্রসঙ্গত, রয়টার্সের প্রতিবেদনে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বিবৃতির বরাতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি বিমানে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল; তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগেও জানানো হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।

