আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ও শ্রম ডেস্ক: টানা আলোচনা ও দর-কষাকষির পরও মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত গোপন ভোটাভুটির মাধ্যমে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে সর্বনিম্ন গ্রেডের (গ্রেড-৪) শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) ভোরে পোশাকশিল্পের ন্যূনতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। নতুন এই মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
বোর্ড চেয়ারম্যান জানান, বৈঠকে দীর্ঘ সময় আলোচনা চালিয়েও মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা একটি নির্দিষ্ট অঙ্কে একমত হতে পারেননি। পরে বোর্ডের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে বিষয়টি নিষ্পত্তির জন্য গোপন ভোট নেওয়া হয়। ছয় সদস্যের বোর্ডে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং বাকি দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের সমর্থনে ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব অনুমোদিত হয়।
নতুন কাঠামো অনুযায়ী গ্রেডভিত্তিক মজুরি:
প্রথম গ্রেড (গ্রেড-১): ২১ হাজার ৫০০ টাকা।
দ্বিতীয় গ্রেড (গ্রেড-২): ২০ হাজার টাকা।
তৃতীয় গ্রেড (গ্রেড-৩): ১৯ হাজার ২০০ টাকা।
চতুর্থ গ্রেড বা সর্বনিম্ন গ্রেড (গ্রেড-৪): ১৭ হাজার টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর হওয়ায় শ্রমিকরা ডিসেম্বর মাসের কাজের বিপরীতে আগামী জানুয়ারি মাসে পরিশোধকৃত বেতনের সঙ্গে নতুন নির্ধারিত মজুরি পাবেন।

