আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ও সোশ্যাল মিডিয়া ডেস্ক: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক বক্তব্যের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার মতে, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ খাঁন এই মন্তব্য করেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বৈধ ভ্রমণ নথি থাকলে যেকোনো নাগরিক নিজ দেশে ফিরতে পারেন এবং বিষয়টি মূলত সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।
রাশেদ খাঁন আরও লেখেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। তবে ভারতীয় মুখপাত্রের বক্তব্য বিশ্লেষণ করে তার ধারণা জন্মেছে যে, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য দিল্লি তাকে ঢাকায় ফেরত পাঠাবে না।
এর আগে বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, স্বেচ্ছায় নিজ দেশে ফেরা এবং প্রত্যর্পণের অনুরোধ, দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। তবে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো অনুরোধটি ভারত নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

