আওয়ার টাইমস নিউজ।
দেশজুড়ে ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে নাশকতা ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এই কর্মসূচি থেকে শ্রমিকদের স্বার্থ রক্ষায় বাড়িওয়ালাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে সংসদ সদস্য মজিবুর রহমানের নেতৃত্বে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমপি মজিবুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কোনো বাড়ির মালিক যেন এই মুহূর্তে বাসাভাড়া বৃদ্ধি না করেন,সে বিষয়ে তিনি স্পষ্ট নির্দেশনা দেন। কেউ যদি অযৌক্তিকভাবে বাসাভাড়া বাড়ানোর চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শ্রমিকদের কল্যাণের কথা উল্লেখ করে সংসদ সদস্য আরও জানান, শিল্পাঞ্চলের শ্রমিকদের উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে কালিয়াকৈরে ১০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি শ্রমিক ভাই-বোনেরা যাতে কোনো ধরনের বিপদ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে না পড়েন, সে জন্য স্থানীয় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এদিকে নাশকতা প্রতিরোধে কালিয়াকৈর উপজেলার মোট সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছেন বলে জানা গেছে। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

