আওয়ার টাইমস নিউজ।
দেশজুড়ে ডেস্ক: খুলনার দাকোপ উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজন ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। চরে ফেরি আটকে থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি নদী পার হয়ে ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত স্থানীয়দের প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজারে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে বাজারের একটি বন্ধ ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠান। আগুনের তীব্রতায় পুরো বাজার এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে মোটরসাইকেল গ্যারেজ, মুদি দোকান, চায়ের দোকান ও ওষুধের দোকানসহ মোট সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এ ছাড়া আগুনের তাপে পাশের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে খবর পেয়ে দাকোপ ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেও পোদ্দারগঞ্জ ফেরিঘাটে গিয়ে বিপাকে পড়ে। নদীর চরে ফেরি আটকে থাকায় ঘাটে ফেরি ভিড়তে পারেনি, ফলে নদী পার হয়ে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি ফায়ার সার্ভিস কর্মীদের।
ফায়ার সার্ভিস খুলনার উপপরিচালক মাসুদ সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই দাকোপ স্টেশন থেকে দুটি গাড়ি পোদ্দারগঞ্জ ফেরিঘাটে পৌঁছে অপেক্ষা করছিল। কিন্তু চরে ফেরি আটকে যাওয়ায় নদী পার হওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার খবর পেয়ে গাড়িগুলো স্টেশনে ফিরে যায়।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেলেও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির তালিকা তৈরি এবং তাদের সহায়তায় পরবর্তী করণীয় নির্ধারণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

