এক্সক্লুসিভ আন্তর্জাতিক সম্পাদকীয় কলাম:
আওয়ার টাইমস নিউজ।
অ/ভি/শপ্ত দ/খ/লদার হা/য়/না ইজরাইলের বর্বরোচিত হামলায় অবরুদ্ধ গাজা ও ফিলিস্তিনের আকাশে আজ শুধু বিধ্বংসী বোমা-বারুদের গন্ধই নয়, বরং মা-বাবা হারা নিষ্পাপ শিশুদের জীবন্ত কঙ্কালের আর্তনাদে প্রকম্পিত হচ্ছে; শিশুদের জীবন্ত কঙ্কালগুলো মৃত্যুর প্রহর গুনছে।
সামান্য এক ফোঁটা পানি আর এক মুঠো খাবারের অভাবে এতিম-অসহায় এসব শিশুদের করুণ আত্মচিৎকারে ফিলিস্তিনের আকাশ আজ কাঁদছে। যে ছোট্ট হাতগুলোতে রঙিন খেলনা থাকার কথা, যে পা দুটিতে দৌড়ে বেড়ানোর কথা, সেই হাত-পাগুলো আজ চামড়া আর হাড়ের খাঁচায় পরিণত হয়েছে।
প্রতিটি শিশুর শরীরের পাঁজর, মেরুদণ্ড আর কোটরগত চোখ যেন নীরবে চিৎকার করে বিশ্ববিবেককে প্রশ্ন করছে, “আমাদের অপরাধ কী ছিল?”
হে মুসলিম বিশ্ববাসী, আপনি আপনার সুস্থ বিবেকের অনুভবের সাগরে ডুব দিয়ে ভাবুন তো, একজন ফিলিস্তিনি মাজলুম মমতাময়ী মা তার নাড়ি ছেঁড়া বাঁধন, কলিজার টুকরো সন্তানকে কোলে নিয়ে এক ফোঁটা দুধ বা সামান্য পরিমাণ খাবার তুলে দিতে পারছে না। চোখের সামনে কলিজার টুকরো সন্তানকে তীব্র যন্ত্রণাদায়ক খিঁচুনিতে কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখছেন! আপনি পত্রিকার পাতায় জীবন্ত কঙ্কাল এসব শিশুদের ছবি দেখে কখনো এই জায়গায় আপনার সন্তানকে অনুভব করেছেন?
অথচ এই মর্মান্তিক দৃশ্যের ঠিক বিপরীত প্রান্তে যখন আরব বিশ্বের বিলাসবহুল আয়োজনে আস্ত উট বা বিশাল খাবারের প্লেট সাজিয়ে ভোজের ছবিসমূহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে, তখন সে দৃশ্যটি কি একজন সুস্থ বিবেকবান মুমিন মুসলমান কখনো সামান্যটুকুও সহ্য করতে পারে?
যখন মুসলিম উম্মাহর এক অংশ অনাহারে, অপুষ্টিতে আর ক্ষুধার জ্বালায় কঙ্কালসার হয়ে মৃত্যুর প্রহর গুনছে, তখন অপর অংশের এমন অবাধ বিলাসিতা ও খাবারের অপচয় চরম বৈপরীত্য ও বেদনার জন্ম দেয়। ভ্রাতৃত্ববোধ, সম্পদের যথাযথ বণ্টন এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর যে মৌলিক শিক্ষা, তার সাথে এই দৃশ্যগুলোর আকাশ-পাতাল ফারাক সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ ও হতাশা তৈরি করেছে। মুসলিম বিশ্বের নেতৃত্ব ও সামর্থ্যবানদের নীরবতা ও কার্যকর পদক্ষেপের অভাব আজ এই সংকটকে আরও ঘনীভূত করছে।
সীমান্ত ও কূটনৈতিক হিসাব-নিকাশের বেড়াজালে আটকে থাকা সিদ্ধান্তহীনতা ক্ষুধার্ত শিশুদের জীবন বাঁচাতে ব্যর্থ হলে তার দায় কে নেবে? কিয়ামতের ময়দানে মহান আল্লাহর দরবারে প্রত্যেকটি নিষ্পাপ শিশুর ক্ষুধা, আর্তনাদ ও অসহায়ত্বের হিসাব দিতে হবে, এই উপলব্ধি আজ প্রতিটি বিবেকবান মানুষের জাগ্রত হওয়া জরুরি। মানবতা ও ভ্রাতৃত্বের এই চরম পরীক্ষায় নীরব থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গাজার এই বিপর্যস্ত মানুষ ও শিশুদের বাঁচাতে জরুরি খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তা পৌঁছানো এখন সময়ের সবচেয়ে বড় দাবি। ক্ষুধার এই নির্মমতা বন্ধে কার্যকর ও সম্মিলিত উদ্যোগ না এলে ইতিহাসের পাতায় এই সময়টি এক গভীর লজ্জা ও কলঙ্ক হয়ে রয়ে যাবে। আসুন, আমরা নিজ নিজ অবস্থান থেকে বিপন্ন মানুষের পাশে দাঁড়াই, সচেতনতা গড়ে তুলি এবং মহান আল্লাহর কাছে এই অসহায় মানুষের মুক্তি ও রহমত কামনা করি।
সম্মানিত প্রিয় পাঠকবৃন্দ, ক্ষুধার্ত মানুষের প্রতি উদাসীনতা, খাবারের অপচয় এবং বিপন্ন ভাইবোনদের পাশে না দাঁড়ানোর বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসে অত্যন্ত কঠোর সতর্কবার্তা রয়েছে।
পবিত্র কুরআনে আল্লাহ্ রাব্বুল আলামীন বলেন,
وَآتِ ذَا الْقُرْبَىٰ حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا * إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ ۖ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا
(সূরা আল-ইসরা, ১৭:২৬-২৭)
“এবং আত্মীয়-স্বজনকে তার হক দান কর এবং মিসকিন ও মুসাফিরকেও; আর কিছুতেই অপব্যয় করো না। নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই; আর শয়তান তার রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ।”
মুফাসসিরগণের মতে, ‘তাবজির’ বা অপব্যয় হলো বৈধ ও হালাল সম্পদ বা খাবারকে অযথা, অপ্রয়োজনীয় বা সীমা লঙ্ঘন করে নষ্ট করা। যখন সমাজ বা উম্মাহর একদিকে মানুষ এক মুঠো খাবারের অভাবে মৃত্যুর মুখে পতিত হয়, তখন খাবারের এমন অপচয় বা সীমাহীন বিলাসিতা আল্লাহর নেয়ামতের প্রতি চরম অকৃতজ্ঞতার শামিল। শয়তানের ভাই বলার অর্থ হলো, যেভাবে শয়তান আল্লাহর অবাধ্যতা ও ধ্বংসাত্মক কাজে লিপ্ত থাকে, অপচয়কারীও আল্লাহর দেওয়া সম্পদের অপব্যবহার করে সেই পথেই পা বাড়ায়।
মহান রব আল্লাহ্ রাব্বুল আলামীন আরো বলেন,
كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ الْيَتِيمَ * وَلَا تَحَاضُّونَ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
(সূরা আল-ফাজর, ৮৯:১৭-১৮)
“কখনোই না; বরং তোমরা ইয়াতিমকে সম্মান করো না, এবং মিসকিনকে খাবার দানে পরস্পরকে উৎসাহিত করো না।”
এই আয়াতগুলোতে মানুষের সম্পদশালী হওয়ার অহংকার ও দরিদ্র-ক্ষুধার্ত মানুষের প্রতি উদাসীনতার তীব্র সমালোচনা করা হয়েছে। বিপদগ্রস্ত ও ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া এবং অন্যদেরও তা দিতে উদ্বুদ্ধ করা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যখন ক্ষুধার কারণে শিশু ও অসহায় মানুষ মৃত্যুর প্রহর গোনে, তখন সামর্থ্য থাকা সত্ত্বেও নির্লিপ্ত থাকা আল্লাহর দৃষ্টিতে অত্যন্ত নিন্দনীয়।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন,
مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى
(সহীহ মুসলিম)
“পারস্পরিক ভালোবাসা, দয়া-মায়া ও সহানুভূতির ক্ষেত্রে মুমিনদের দৃষ্টান্ত একটি দেহের মতো। যখন দেহের কোনো একটি অঙ্গ অসুস্থ হয় বা কষ্ট পায়, তখন সারা দেহ অনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয়ে তার পাশে সাড়া দেয়।”
হাদিসের এই উপমা অত্যন্ত গভীর। একটি শরীরের এক অংশে তীব্র যন্ত্রণা হলে যেমন পুরো শরীর অস্থির হয়ে ওঠে এবং চিকিৎসার ব্যবস্থা করে, তেমনি উম্মাহর এক অংশ ক্ষুধা ও নির্যাতনে ছটফট করলে অন্য অংশের পক্ষে উদাসীন থাকা ভ্রাতৃত্বের দাবির পরিপন্থী। বিপন্ন মানুষের প্রতি সাহায্যের হাত না বাড়ানো এবং বিলাসিতায় মত্ত থাকা এই দেহের অনুভূতিহীনতারই বহিঃপ্রকাশ, যার জবাবদিহিতা পরকালে অবশ্যই করতে হবে।
আল্লাহ্ রাব্বুল আলামীন আরব বিশ্বসহ সমগ্র মুসলিম বিশ্বের বিবেককে জাগ্রত করুন এবং ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনসহ বিশ্বের সমস্ত মাজলুম মুসলমানদের পাশে দাঁড়ানোর তাওফীক দান করুন। আমীন, ইয়া রাব্বাল আলামীন।

