আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে এক বিজ্ঞপ্তিতে এই নতুন দর ঘোষণা করেছে বাজুস। সকাল ১০টা থেকেই দেশের বাজারে এই বর্ধিত দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বাজুস জানিয়েছে, সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ায় ক্রেতাদের এখন আগের চেয়ে বেশি গুনতে হবে।
আজ সকাল ১০টা থেকে কার্যকর নতুন দাম (প্রতি ভরি):
২২ ক্যারেট: ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা
২১ ক্যারেট: ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গহনার ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। পাশাপাশি বিক্রয়মূল্যের সঙ্গে নির্ধারিত ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ২৫ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একদিনের মাথায় সেই দাম আবার বাড়ানোর ঘোষণা এলো।
