আওয়ার টাইমস নিউজ।
শিক্ষা ডেস্ক: আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। দিবসটি উদযাপনে সব মাদরাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বোর্ডের প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে মহান বিজয় দিবস উদযাপনে দেশের সব মাদরাসাকে পাঁচটি নির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচিগুলো হলো—জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও কুচকাওয়াজ, বিজয়মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিশেষ দোয়া ও মোনাজাত।
মাদরাসা শিক্ষা বোর্ডের ৫ দফা নির্দেশনা:
জাতীয় পতাকা উত্তোলন: ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা প্রতিটি মাদরাসা ভবনে উত্তোলন করতে হবে।
সমাবেশ ও কুচকাওয়াজ: বিজয় দিবসের সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্টেডিয়াম বা সুবিধাজনক স্থানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লেতে মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বিজয়মেলা ও প্রতিযোগিতা: জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি শিশু-কিশোরদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
ক্রীড়া প্রতিযোগিতা: স্থানীয় পর্যায়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি ও হা-ডু-ডু প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।
বিশেষ দোয়া ও মোনাজাত: ১৬ ডিসেম্বর সুবিধাজনক সময়ে প্রতিটি মাদরাসায় শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করতে হবে।
এ ছাড়া আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষেও জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব মাদরাসায় নির্ধারিত কর্মসূচি পালনের নির্দেশনা দিয়ে পৃথক আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

