আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ও প্রবাসী ডেস্ক: সরকারি উদ্যোগে এবং প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) উদ্বোধনী দিনে ১১২ জন কর্মীর যাত্রার মধ্য দিয়ে এই প্রক্রিয়ার সূচনা হয়, যার আওতায় পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়াগামী বিদায়ী কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন রেমিট্যান্স যোদ্ধাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা হয়েছিল এবং বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নামে পৃথক মন্ত্রণালয় গঠিত হয়। সেই ধারাবাহিকতায় জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতিহাসে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে বিনা খরচে বিদেশে জনশক্তি রপ্তানি শুরু হচ্ছে।
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক মালয়েশিয়ার দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় প্রথম শ্রমবাজারকেন্দ্রিক মালয়েশিয়া সফরের ফলেই এ বাজার আবার খুলেছে। এ ক্ষেত্রে মাহ্দী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও দায়িত্বশীলদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন তিনি।
পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা ও নির্দেশনায় মালয়েশিয়াগামী কর্মীদের শুভেচ্ছা জানিয়ে সেখানে দক্ষতার সঙ্গে কাজ করে দেশের মান-মর্যাদা বাড়ানোর আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আজ ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন এবং পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার মানুষকে প্রায় বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হচ্ছে। দীর্ঘদিন বিষয়টি বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও কর্মী পাঠানো শুরু করা সম্ভব হয়েছে বলে দেশটির সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষাগত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মীদের আরও দক্ষ হিসেবে পাঠাতে পারলে তা কর্মী ও দেশ উভয়ের জন্যই লাভজনক হবে। সরকার ইতোমধ্যে বিভিন্ন দেশে গমনেচ্ছু কর্মীদের নানাভাবে দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে।
বিদেশগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, বিদেশে আপনাদের প্রত্যেককে বাংলাদেশ হিসেবেই চিনবে; তাই সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলতে হবে। আপনাদের দিয়েই তারা বাংলাদেশকে বিচার করবে এবং সুনামের সঙ্গে কাজ করলে আরও বাংলাদেশি কর্মী নিতে তারা উৎসাহিত হবে।
সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে কর্মীদের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন প্রধানমন্ত্রী। বক্তব্য শেষে শুভেচ্ছা স্মারক ও প্রয়োজনীয় নথিপত্র হস্তান্তর এবং বিদায়ী কর্মীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন তিনি। কুশল বিনিময়কালে কর্মীদের কথাবার্তা, আচার-ব্যবহার ও কাজের ওপরই দেশের ভাবমূর্তি নির্ভর করে বলেও পুনরায় মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

