আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিজয় এখন যুক্তরাষ্ট্রের হাতের নাগালে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সংঘাতে আরও প্রাণহানি এড়াতে তেহরানকে চুক্তিতে পৌঁছানোর সব ধরনের সুযোগ দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাংকসগিভিং ডে উপলক্ষ্যে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে টেলিফোনে মতবিনিময়কালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, ইরানের সঙ্গে চলমান সংঘাতের পরিণতি কী হবে, তা অনেকটাই তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে ইরান শেষ পর্যন্ত চুক্তির সুযোগ কাজে লাগাবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইরানে বিজয় আমাদের হাতের নাগালে। কখন এবং কীভাবে এটি অর্জিত হবে, তা অনেকটাই আমার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সত্যি বলতে, আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করছি এবং বহু মানুষের প্রাণ বাঁচাতে চুক্তির সব ধরনের সুযোগ দিচ্ছি।” এ সময় ইরানের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “কেউ কেউ প্রশ্ন করেন, তারা কেন এমন করছে? তারা কি পাগল? হয়তো তাই।”
মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যে, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না। তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে তা ইসরায়েলসহ পুরো মধ্যপ্রাচ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এছাড়া হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ১৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেন ট্রাম্প।
মধ্যপ্রাচ্যের তেলের ওপর যুক্তরাষ্ট্রের কোনো নির্ভরশীলতা নেই উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব জ্বালানি সম্পদই দেশের চাহিদা মেটাতে যথেষ্ট। পাশাপাশি ভেনেজুয়েলার তেলের মজুত যুক্তরাষ্ট্রের জন্য আরও কয়েকশ কোটি ব্যারেল তেল সরবরাহের সুযোগ তৈরি করেছে এবং যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার তেলের মজুত একত্র করলে তা বিশ্বের মোট তেলের অর্ধেকেরও বেশি হবে বলে দাবি করেন তিনি।

