আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ও বিএনপি ডেস্ক: মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে পুরো মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১ ডিসেম্বর রাজধানী ঢাকায় একটি বিশাল মহাসমাবেশ আয়োজনের মধ্য দিয়ে এই মাসব্যাপী কর্মসূচির সূচনা করার পরিকল্পনা নিয়েছে দলটি। ওই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। তবে সমাবেশের নির্দিষ্ট স্থান ও সময়সূচি এখনো চূড়ান্তভাবে জানায়নি বিএনপি।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের এক যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধরে রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনার নির্দেশে দেশে আবারও রক্তাক্ত পরিস্থিতি ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। কৃত্রিম সংকট তৈরি করে দেশের চলমান গণতান্ত্রিক স্থিতিশীলতা নস্যাৎ করার গভীর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী আরও বলেন, বিদেশে বসেও শেখ হাসিনা প্রতিশোধ ও রক্তের নেশা থেকে বেরিয়ে আসতে পারেননি। তার নির্দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশরা দেশে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে; বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বীমা ও হাসপাতালে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। এরই মধ্যে কৃষক দলের দুজন এবং ভাঙ্গার একজন নেতাসহ বিএনপির তিনজন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের গুম-খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশ এখন গণতান্ত্রিক কাঠামো ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে। এত সহিংসতা ও উসকানির পরও সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্মমতার পথ বেছে নেয়নি; বরং ধৈর্য ও সহনশীলতার সঙ্গে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে। সরকারের এই সংযত ও দায়িত্বশীল ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে বলে দাবি করেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান নিয়ে রিজভী বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে অংশ নিয়েও সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস জুলাই আন্দোলনের ভূয়সী প্রশংসা করেছেন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের কথা উল্লেখ করেছেন। এতে আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের অবস্থান আরও প্রশ্নবিদ্ধ হয়েছে।
এ সময় ভারতের এক মন্ত্রীর ‘১৬ ডিসেম্বর ঢাকা দখল’ সংক্রান্ত কথিত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, লক্ষ প্রাণের আত্মদান ও দুই লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও বাইরের কারও হস্তক্ষেপ বরদাশত করা হবে না।
যৌথ সভা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, আব্দুস সালাম আজাদ এমপি, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি।
এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এসএম জাহাঙ্গীর এমপি, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

