আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ও বিএনপি ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ ‘দখল’ করার হুমকি দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বক্তব্যের তীব্র ধিক্কার ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কড়া ভাষায় এর প্রতিবাদ জানিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, আমাদের দেশের জনগণ কি আমলকী চুষতে থাকবে? স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও কেউ হস্তক্ষেপ বা দখল নিতে পারবে না।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে মন্ত্রী পর্যায়ের একজন দায়িত্বশীল ব্যক্তি ঢাকা দখলের মতো ধৃষ্টতাপূর্ণ কথা বলছেন। নিচের সারির কোনো কর্মী এমন কথা বললে কিছু বলার থাকত না, কিন্তু একজন পরিবহনমন্ত্রী হয়ে তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন, যার তীব্র ধিক্কার জানাই।
মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমরা সেই জাতি, যার ৩০ লাখ মানুষ অকাতরে জীবন দিয়েছেন এবং দুই লাখ মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন। তাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন পতাকা ও ভূখণ্ড অর্জন করেছি। সেখানে ভারতের একজন মন্ত্রী ১৬ ডিসেম্বর ঢাকা দখলের হুমকি দিচ্ছেন! আমাদের দেশের জনগণ কি আমলকী চুষতে থাকবে? আমাদের সার্বভৌমত্বের এক ইঞ্চি মাটিতেও বাইরের কোনো শক্তি হস্তক্ষেপ করতে পারবে না।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী অভিযোগ করেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে তাড়া খেয়ে পার্শ্ববর্তী দেশে অবস্থানরত সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী দেশের রাজনীতিতে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। তার রক্তের নেশা এখনো কাটেনি উল্লেখ করে তিনি বলেন, তার নির্দেশেই দেশে থাকা আওয়ামী লীগের অবশিষ্টাংশরা বাড়িঘর, দোকানপাট ও ব্যাংক-বীমায় অগ্নিসংযোগ করছে, হাসপাতালে হামলা চালাচ্ছে এবং বিএনপির নেতাকর্মীদের হত্যা করছে। এরই মধ্যে তাদের হামলায় বিএনপির তিনজন নেতাকর্মী নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
বর্তমান সরকারের সহনশীল অবস্থানের কথা তুলে ধরে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের গুম-খুনের রাষ্ট্রীয় সংস্কৃতি থেকে বেরিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনেছেন। সেই অর্জনকে কলঙ্কিত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদী শক্তি রক্তাক্ত পথ বেছে নিলেও সরকার পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত কিংবা নির্মম বলপ্রয়োগ করছে না; বরং ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমানউল্লাহ আমান, চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ও আব্দুস সালাম আজাদ, ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মিলটন ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

