আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ও রাজনীতি ডেস্ক: আগামী ১০ বছরের মধ্যেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তিনি এমন মন্তব্য করেছেন।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে কথা বলেন স্পিকার। তার এই বক্তব্যের বরাতে সংবাদ প্রকাশ করেছে বিবিসি উর্দু।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙা ও সক্রিয় রাখার একটি রাজনৈতিক কৌশল মাত্র; বাস্তবে আগামী ১০ বছরেও তিনি বাংলাদেশে ফিরবেন না।
এদিকে শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছার কথা জানালেও বর্তমান বিএনপি সরকার তার সেই ঘোষণাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। ঢাকার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কেবল আইনগত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তার দেশে ফেরার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
বিবিসি উর্দুর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। এ ছাড়া ভারত যদি তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করে, সে ক্ষেত্রে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার কথাও জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন।

