আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে অর্জুন সিংকে মন্ত্রিসভা থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়া এবং বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) নিজের ফেসবুক স্ট্যাটাসে দেওয়া এক বার্তায় এসব দাবি ও সতর্কবার্তা জানান নাহিদ ইসলাম।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহণমন্ত্রী বাংলাদেশ দখলের হুমকি দিয়ে এ দেশের স্বাধীনতা ও সার্বৌমত্বের ওপর সরাসরি আঘাত হেনেছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভূমিকে নিয়ে এমন মন্তব্য বাংলাদেশের ১৮ কোটি মানুষের আত্মমর্যাদার প্রতি চরম ধৃষ্টতার শামিল বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির আহ্বায়ক আরও লেখেন, দায়িত্বশীল পদে থেকে এমন অবমাননাকর বক্তব্য দেওয়ার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ভারত সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় দিল্লির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, দিল্লির এই নীরবতা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বৌমত্বের প্রতি ভারত সরকারের শ্রদ্ধাবোধ নিয়ে সন্দেহ আরও জোরালো করেছে। পাশাপাশি এমন সার্বভৌমত্ববিরোধী বক্তব্যের পরও বাংলাদেশ সরকারের দৃশ্যমান কূটনৈতিক উদ্যোগ না থাকাকে স্বাধীন ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতির জন্য লজ্জাজনক বলে উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষের সাহস ও সংগ্রামের ইতিহাস অর্জুন সিংদের অজানা; বিগত সময়ে শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত যে একতরফা সুবিধা ভোগ করেছে, সেই দিন আর ফিরে আসবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে তিনি সতর্ক করেন, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাও বাংলাদেশের ওপর অনেকাংশে নির্ভরশীল এবং প্রক্সি শক্তির মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা খোদ ভারতের অখণ্ডতাকেই বিপন্ন করতে পারে।
সূত্রঃ রাজনীতি ডেস্ক ও সংশ্লিষ্ট ফেসবুক বক্তব্য

